মা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের ১১ জন মাকে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ১৩তমবারের মতো এ সম্মাননার আয়োজন করে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন: প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম; আইন ও বিচার ক্যাটাগরিতে বিচারক মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ; আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদ; শিক্ষা ক্যাটাগরিতে অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক; সাংবাদিকতা ক্যাটাগরিতে এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ; চিকিৎসা ক্যাটাগরিতে অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ; সংগীত ক্যাটাগরিতে সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু; অভিনয় (নারী) ক্যাটাগরিতে তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন; অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং প্রভাষক খাইরুম ইসলামের মা শিরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। সন্তানদের সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হবে। নতুন প্রজন্ম যেন এআই ও নতুন জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যায়, সেই আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

সম্মাননাপ্রাপ্ত মায়েদের ক্রেস্ট, মেডেল, স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ, কাঠের ফ্রেমে বাঁধাই করা ছবি ও উপহার সামগ্রী দেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার।