অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে সাবেক দুই প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর-৫ আসনের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে গত ২১ জানুয়ারি মামলা করে দুদক। আবেদনে বলা হয়, রমনা ও গাজীপুরের বিভিন্ন ঠিকানায় তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য কর অঞ্চল-৫-এ থাকা তার টিআইএন সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধেও গত বছরের ২১ জানুয়ারি মামলা হয়। তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার বাসিন্দা। তদন্তের স্বার্থে রংপুর অঞ্চলের টিআইএন-সংশ্লিষ্ট আয়কর নথিপত্র জব্দের আবেদন করে দুদক। আদালত এ আবেদনও মঞ্জুর করেছেন।