তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ইন্ডিয়া টুডে এ খবর নিশ্চিত করেছে।

মোদি লিখেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।

একইসঙ্গে তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

দীর্ঘদিন চলচ্চিত্রে কাজের পর থালাপতি বিজয় ‘তামিলনাগা ভেট্রি কাজাগাম’ গঠন করে রাজনীতিতে আসেন। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বিজয়ের নতুন পথচলায় ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনয়জগতের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন।