পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১০ মে) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে জানান, শনিবার রাতে বান্নুর ফতেহ খেল এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশের চেকপোস্টে ধাক্কা দেয়। এরপর একাধিক সন্ত্রাসী চৌকিতে ঢুকে গুলি চালায়। ১২ জন কর্মকর্তার মৃত্যু নিশ্চিত হয়েছে, একজন এখনও নিখোঁজ।

কর্মকর্তাদের মতে, হামলায় ভারী অস্ত্র ও ছোট ড্রোন ব্যবহার করা হয়েছে। বান্নুর এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় বান্নুও সন্ত্রাসের কবলে পড়েছে।

ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা।