ক্রীড়া কূটনীতি জোরদার এবং যুব উন্নয়নে সহযোগিতা বাড়াতে তুরস্ক সফরে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (১০ মে) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
সফরে প্রতিমন্ত্রী কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ বিনিময় নিয়ে আলোচনা হবে।
ক্রীড়া কূটনীতি শক্তিশালী করতে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোকপাত করা হবে।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, তুরস্ক সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য জোরদারের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে।
আগামী ১৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।