ঢালিউডের প্রয়াত নায়ক মান্না ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মান্নার কাঁধে হাত রেখে দাঁড়ানো বিজয়ের ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—এটি প্রায় ২০ বছর আগের বাস্তব ছবি, নাকি এআই দিয়ে বানানো?

২০০০ সালে রানী মুখার্জিকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন মান্না। সে সময় ভারতে বিজয়সহ অনেক তারকার সঙ্গে তার দেখা হয়। আবার ২০০৩-২০০৪ সালে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’ সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজে চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে ছিলেন মান্না। তখন বিজয়ের সিনেমার কাজও চলছিল। সেই সূত্রে দুজনের দেখা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে ভাইরাল ছবিটি তখনকার কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। মান্নার স্ত্রী শেলি মান্না গণমাধ্যমকে বলেন, অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। তবে বিজয়ের সঙ্গে দেখা হতেও পারে। প্রায়ই কাজে ও অনুষ্ঠানে ভারতে যেতেন মান্না।

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে ছবি শনাক্তকারী ওয়েবসাইট সাইটইঞ্জিন বলছে, ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি—অর্থাৎ বাস্তব ক্যামেরায় তোলা। জিরোজেপিটি জানিয়েছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো হওয়ায় আলো ও অন্য কিছু সম্পাদনা করা হয়েছে।

নেটিজেনদের একাংশের দাবি, মূল ছবিতে মান্নার সঙ্গে ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ বা কাজী মারুফ। এআই প্রযুক্তি ব্যবহার করে সেখানে থালাপতি বিজয়ের মুখ বসানো হয়েছে।

ছবিটি আসল হোক বা এআই দিয়ে তৈরি, ভক্তদের আবেগি করে তুলেছে মান্নার স্মৃতিতে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, মান্না ও বিজয় দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের নায়ক।