হাম ও হামের উপসর্গে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (১০ মে) জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয়জন করে শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক গড়ে ১০ জনে। গতকালও হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব ধরলেও পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আশঙ্কাজনক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ, সবচেয়ে কম রংপুর।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে সরকার। কেন এত শিশুর মৃত্যু হলো এবং কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং গরমে ভাইরাসের দ্রুত বিস্তার এ প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে। শিশুর শরীরে জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা। ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।