গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তা চেয়েছেন তিনি।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমি এমন একটা দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থী সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম-খুনের শিকার হচ্ছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক-বিতর্ক থাকবে, কথা বলার সুযোগ থাকবে, কিন্তু গুম-খুনের পরিস্থিতি থাকবে না।
বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহারে পরিণত হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, এটি বাস্তবায়নই এখন প্রধান কাজ।
তারেক রহমান বলেন, ভোটের আগে জনসাধারণকে দেওয়া অঙ্গীকার অনুযায়ী এমন একটি দেশ তৈরি করতে চায় বিএনপি সরকার, যেখানে শিক্ষার্থীরা শিক্ষার সুন্দর পরিবেশ পাবে। নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।
মূলত দলকে রাজপথে সক্রিয় করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
আন্দোলনের পর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এমপি-মন্ত্রী হওয়ায় কার্যত থেমে গেছে দলীয় কার্যক্রম। তাই দলকে চাঙ্গা করতে এই মতবিনিময় করেন তিনি।
এ সময় বিগত ফ্যাসিস্ট আমলের রাজনীতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।