চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সবসময় সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। এজন্য জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুরসালিন ২২ ও নবীর হোসেন ৫৫ নামে দুই বাংলাদেশি নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, তারা চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ভারত প্রবেশকালে বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতের মর্গে আছে। দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।