শুরুটা ভালো হলেও মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে পথ হারায় বাংলাদেশ। শেষ দিকে তাসকিন আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪১৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
শনিবার (৯ মে) সকালে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিনের ছন্দ ধরে রাখার লক্ষ্য থাকলেও পাকিস্তানি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা।
দ্বিতীয় দিনের দেড় সেশনে ১১২ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে ১৭৯ বলে আটটি চারে সাজানো এই ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও গড়েন তিনি।
সকালে মুশফিককে ভালো সঙ্গ দেন লিটন দাস। শাহিন শাহ আফ্রিদির এক ওভারে টানা তিনটি চার মারলেও ইনিংস বড় করতে পারেননি। মুহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৬৭ বলে ৩৩ রানে ফেরেন লিটন।
এরপর দ্রুত ফেরেন মেহেদি হাসান মিরাজ ১০ ও তাইজুল ইসলাম ১৭ রানে। মধ্যাহ্নভোজের পর শাহিন আফ্রিদির ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হন মুশফিক। শূন্য রানে আউট হন এবাদত হোসেন।
বাংলাদেশের ইনিংস চারশ পার করান তাসকিন আহমেদ। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আব্বাসকে ছক্কা মেরে দলীয় স্কোর চারশ পার করেন তাসকিন।
পাকিস্তানের হয়ে ৩৪ ওভারে ৯২ রানে ৫ উইকেট নেন মুহাম্মদ আব্বাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার। শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট।