যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (৯ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, এটি একটি করুণ ও হৃদয়বিদারক ঘটনা। বৃষ্টির পরিবার যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা সরকার উপলব্ধি করে। তিনি বৃষ্টির বাবা, মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও জানান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ করছে।

সরকার আশা করে, বৃষ্টির পরিবার এই হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু বিচার পাবে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মা, বাবা, মামাসহ পরিবারের সদস্যরা।