নিজস্ব প্রতিবেদক, ঢাকা | বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছরের তরুণ ওয়াকিমুল ইসলামের আবিষ্কৃত ‘স্মার্ট কারে’ চড়ে তাকে অনন্য উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই দুইজনের সাক্ষাৎ ঘটে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই খুদে বাহনটি প্রধানমন্ত্রী শুধু পরিদর্শনই করেননি, বরং উদ্ভাবক ওয়াকিমুলের সাথে এতে চড়ে ঘুরেও দেখেন।
যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, এক সময় শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি ঘরবন্দী থাকতেন। একা বাইরে চলাচলের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি এই ছোট বাহনটি তৈরির পরিকল্পনা করেন। ব্যাটারিচালিত এই বিশেষ যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার।’
সাক্ষাৎকালে উপস্থিত বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, পরিবেশবান্ধব এই গাড়িটি একবার বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। এটি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যই নয়, বয়স্কদের ব্যবহারের জন্যও অত্যন্ত উপযোগী।
নিজস্ব প্রযুক্তিতে এমন সৃজনশীল উদ্ভাবনের জন্য ওয়াকিমুলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্ভাবনকে আরও আধুনিক, সাশ্রয়ী এবং সহজে ব্যবহারযোগ্য করার পরামর্শ দেন। একই সঙ্গে এ ধরনের মেধাবী ও সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন