শুক্রবার ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান।
তেহরানের দাবি, জাহাজটিতে তাদের নিজস্ব তেলই ছিল।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। তবে ঠিক কীভাবে ক্ষতি করার চেষ্টা হয়েছে, তা খোলাসা করেনি তারা।
ফেব্রুয়ারি থেকে জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। ইরানি নৌবাহিনী ট্যাংকারটিকে দক্ষিণ উপকূলে নিয়ে গেছে। ফার্স নিউজ জানায়, এখন সেটি বিচারিক কর্তৃপক্ষের হাতে।
বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষের পরদিনই এই জব্দের ঘটনা। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিভিন্ন সূত্র বলছে, কৌশলগত এই নৌপথ এখনও বন্ধ।