নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) | প্রিয় আলোঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ওই বাড়ির প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছেন। অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেন বা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।”

 

পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এলাকায় এই ঘটনায় চরম আতঙ্ক ও শোক বিরাজ করছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ শুরু করেছে।