ব্যারাকপুরে ভোটে হেরে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ালেন পরিচালক ও সদ্য সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। ফল প্রকাশের দুই দিনের মাথায় তিনি জানিয়ে দিলেন, রাজনীতিতে আর থাকছেন না।

৪ এপ্রিলের নির্বাচনে রাজ্যে পালাবদলের হাওয়া লেগেছে। ব্যারাকপুর আসনে লড়েও এবার জয় পাননি রাজ। ফল ঘোষণার পর গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়, স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর দুই দিন পরই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।

২০২১ সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর থেকে বিধায়ক হয়েছিলেন রাজ চক্রবর্তী। পাঁচ বছর দায়িত্ব পালনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে সক্রিয় ছিলেন। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে প্রামাণ্যচিত্রও বানিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে রাজ লিখেছেন, সিনেমার মতো বিধায়ক হিসেবেও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। এবার সেই অধ্যায় শেষ হলো। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেছেন, রাজ্য উন্নতির পথে এগোবে এবং মানুষের সমস্যার সমাধান হবে।

পরাজয়ের পর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। স্বামীকে ‘জীবনের নায়ক’ উল্লেখ করে মনোবল না হারানোর বার্তা দিয়েছেন তিনি।

ভোটের দিন রাজের রোড শো ঘিরে ব্যারাকপুরে উচ্ছ্বাস থাকলেও ফল উল্টে যায়। এরপরই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিলেন এই পরিচালক-বিধায়ক।