স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার-পরবর্তী ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হবেন তিনি।
এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকছেন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, তাঁর চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল।