২১ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার (৮ মে) সকাল থেকে পুরোদমে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি।

সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ জাহাজ কুতুবদিয়া বহির্নোঙরে ভেড়ার পর বৃহস্পতিবার বিকেল থেকেই যান্ত্রিক তৎপরতা শুরু হয়। শুক্রবার সকাল থেকে পুরোদমে পরিশোধন চালু হয়েছে।

ইআরএলের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ খান জানান, এখন দৈনিক সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। শুরুতে কারিগরি সমন্বয়ে গতি কম থাকলেও ধীরে ধীরে বাড়বে।

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে মজুদ তলানিতে নামায় গত মাসে উৎপাদন থেমে যায়। নতুন চালানে ২০-২৫ দিন চলবে। ২০ মের পর আরও একটি বড় চালান আসার কথা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘বড় চ্যালেঞ্জ পার করলাম। এখন সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন চালিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করব।’

শোধনাগার চালু হওয়ায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।