হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় এশিয়ার বাজারে আবারও বেড়েছে তেলের দাম।
শুক্রবার (৮ মে) বিবিসি জানায়, সকালের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে উঠেছে। সেশনের শুরুতে দাম ২ শতাংশের বেশি বাড়ে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলার হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ‘উসকানিহীন’ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের হামলা প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে মার্কিন নৌজাহাজ পাল্টা হামলা চালায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখনও বহাল। ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।
তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তেহরান পারমাণবিক অস্ত্র পাবে না—এই শর্তে ওয়াশিংটন অটল। ট্রাম্পের দাবি, ‘চুক্তি না হলে ইরানকে অনেক ভোগান্তি পোহাতে হবে।’