চকরিয়া ভেঙে কক্সবাজারের মানচিত্রে যুক্ত হলো নতুন উপজেলা ‘মাতামুহুরি’।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিকারের ১২০তম বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় প্রস্তাবটি। নতুন উপজেলায় যুক্ত হচ্ছে বদরখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন।

নদীবেষ্টিত ও জনবহুল এই অঞ্চল দীর্ঘদিন ধরেই পৃথক উপজেলার দাবি জানিয়ে আসছিল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কয়েক মাসের মধ্যেই তা বাস্তবায়ন হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, উপজেলা সদর, হাসপাতাল, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসসহ সব সরকারি সেবা নিশ্চিত করা হবে। সদর দপ্তর স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে।

বদরখালীর বাসিন্দা রশিদ আহাম্মদ বলেন, ‘চকরিয়া অনেক বড় ছিল, দূর থেকে যেতে কষ্ট হতো। এখন উন্নয়ন দ্রুত হবে।’

আড়াই লাখ মানুষের এই জনপদে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, সেতুসহ সব খাতে নতুন বরাদ্দ আসবে বলে আশা করছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।