আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১২ মে মঙ্গলবার থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতির পক্ষ থেকে ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে ঈদ পর্যন্ত রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মন্ত্রী সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে জানান, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে এ সময় কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানিসংকটে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয় এবং দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে তা সন্ধ্যা ৭টা করা হয়েছিল।