কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তিনি। এতে নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনও থেমেছে। তবে এর মধ্যেই নতুন করে আলোচনায় শাহরুখ খানের সঙ্গে তার গোপন বিয়ের পুরোনো জল্পনা।
গুঞ্জন আছে, ‘ডন’ সিনেমায় জুটি বাঁধার আগেই শাহরুখের প্রতি দুর্বলতা ছিল প্রিয়াঙ্কার। যদিও দুজনই প্রকাশ্যে একে অন্যকে সহ-অভিনেতা বলেই উল্লেখ করেছেন। শাহরুখ একাধিক সাক্ষাৎকারে মজা করে বলেছেন, সবাই তাকে তারকা ভাবলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ-অভিনেতাই মনে করেন।
২০০৬ সালে ‘ডন’ এবং ২০১১ সালে ‘ডন ২’ করতে গিয়ে কাছাকাছি আসেন দুজন। শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা গেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে শাহরুখের পাশে প্রিয়াঙ্কার উপস্থিতি, শাহরুখের বাড়িতে যাওয়া-আসা নিয়ে তখন বলিপাড়ায় কানাঘুষা কম হয়নি।
শোনা যায়, শাহরুখের কথায় করণ জোহর নিজের জন্মদিনে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানান। সেখানে প্রিয়াঙ্কার গালে চুমু দেন শাহরুখ। বিষয়টি নিয়ে শাহরুখ-গৌরীর মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটি হয় বলেও দাবি করেন অনেকে। গৌরীর আপত্তিতেই নাকি ‘ডন ২’-এর পর শাহরুখ-প্রিয়াঙ্কা আর জুটি বাঁধেননি। গৌরী বিবাহ বিচ্ছেদের হুমকিও দিয়েছিলেন বলে গুঞ্জন আছে।
হলিউডে পাড়ি জমানোর পরও শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্কের কথা উঠেছে। এক চ্যাট শো-তে প্রিয়াঙ্কা জানান, সাবেক প্রেমিকের দেওয়া একটি জ্যাকেট তার কাছে আছে। একই রকম জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে।
অনেকে বলেন, অসুস্থ বাবার ইচ্ছায় কানাডার টরন্টোয় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। তবে এসব গুঞ্জনের সত্যতা কখনো মেলেনি। ‘ডন ২’-এর পর থেকে প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলছেন দুই তারকা।