ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন সামরিক আদালত।

বৃহস্পতিবার (৭ মে) পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তবে দুজনের ক্ষেত্রেই দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত থাকবে।

আদালতের রায়ে বলা হয়, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের দায়ে দোষী। আর লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদান—দুই অভিযোগই প্রমাণিত হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুজনই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য ও সাবেক স্টেট কাউন্সিলর ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের আজীবনের জন্য সব রাজনৈতিক অধিকার বাতিল এবং ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশ শেষে আইন অনুযায়ী এই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নেবে। এরপর তারা সাজা মওকুফ বা কারামুক্তির কোনো সুযোগ পাবেন না।