টানা এক দশক সংসদে থাকার পর এবার ক্যামেরার সামনেই পুরো ফোকাস দিতে চান টালিউড তারকা দেব। সাফ জানালেন, সক্রিয় রাজনীতিতে আর জড়াতে চান না।
২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ঘাটাল থেকে সাংসদ হন দেব। এরপর দীর্ঘ সময় রাজনীতির মাঠে ছিলেন।
বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, রাজ্যের উন্নয়ন, শান্তি আর জনগণের কণ্ঠস্বর যেন প্রাধান্য পায়। একইসঙ্গে বাংলা সিনেমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা আর বিভাজনের কালচার বন্ধ করতে হবে। শৈল্পিক স্বাধীনতা ও ঐক্য ফেরাতে হবে।
ঘাটালের মানুষের বহুদিনের চাওয়া ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন সাবেক সাংসদ। তবে রাজনীতির ময়দান নিয়ে তার বক্তব্য স্পষ্ট: রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।
দেব আরও জানান, সিনেমার উন্নয়ন আর শিল্পীদের পাশে নেপথ্য থেকে সবসময় থাকবেন।
তার এই ঘোষণার পর দুই রকম প্রতিক্রিয়া সামনে এসেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, পুরোপুরি সরে আসাই ভালো। আর ভক্তদের বড় অংশ চাইছে, পর্দার হিরো পর্দাতেই থাকুন।