দখলদার ইসরায়েলের বিমান হামলায় হামাসের প্রভাবশালী নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ মে) হামাস এ তথ্য নিশ্চিত করেছে।
আলজাজিরার বরাতে জানা গেছে, নিহত ছেলের নাম আজম। হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা বাসিম নাঈম জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হয়।
খলিল আল-হায়া বর্তমানে গাজায় না থাকলেও তার পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন। সাত সন্তানের জনক খলিলকে একাধিকবার হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েল, তবে তিনি বেঁচে গেছেন। গত বছর কাতারের দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলি হামলায় তার আরেক ছেলে প্রাণ হারান। এর আগে ২০০৮ ও ২০১৪ সালে ইসরায়েলি হামলায় তার আরও দুই ছেলে নিহত হয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামাসের হামলার পর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এরপর থেকে ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি।
সূত্র: আলজাজিরা