যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় সম্পন্ন হয়েছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মো‌র্তোজা জানান, জানাজা শেষে মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ৭ মে অরল্যান্ডো থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠানো হবে। ৯ মে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মরদেহ প্রেরণের সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন। পুরো প্রক্রিয়া ওয়াশিংটন দূতাবাস তত্ত্বাবধান করছে।

একই ঘটনায় নিহত জামিল লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর খরচ সরকার বহন করছে। জামিলের মরদেহ ৪ মে দেশে আসার পর রাতেই জামালপুরের মাদারগঞ্জে দাফন সম্পন্ন হয়।