সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

বুধবার (৬ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সেতুমন্ত্রী বিশ্ব ব্যাংককে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জিন পেসমে নতুন সরকারে দায়িত্ব নেওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।