ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করেছে পিডিবি।

বুধবার (৬ মে) বিকালে বিইআরসির এক সদস্য জানান, পিডিবির পাঠানো প্রস্তাব কারিগরি কমিটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

প্রস্তাব অনুযায়ী দাম বাড়লে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা যোগ হবে। পাইকারি ট্যারিফ ইউনিট-প্রতি ১ টাকা ২০ পয়সা বাড়ালে সরকারের ভর্তুকি কমবে ১২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুচরায় ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ বিদ্যুতের দাম বেড়েছিল। তখন পাইকারি মূল্য ৬ দশমিক ৭০ টাকা থেকে বেড়ে ৭ দশমিক ০৪ টাকা হয়।

গত ৯ এপ্রিল বিদ্যুতের দাম পর্যালোচনায় ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠনের ধারাবাহিকতায় এই প্রস্তাব দিয়েছে পিডিবি।