দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার (৬ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিবাসী সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ায় এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এ জন্য সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি জানান, দেশে বর্তমানে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুযোগ-সুবিধা নেই। কোথাও অবকাঠামো ঘাটতি, আবার কোথাও প্রশিক্ষণার্থীর অভাব রয়েছে।
নুরুল হক নুর বলেন, যেখানে চাহিদা আছে সেখানে প্রশিক্ষণ সুবিধা আরও উন্নত করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাওয়া হবে।
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান শক্তিশালী হবে এবং রেমিট্যান্স বাড়বে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাতে, যাতে তারা ভালো কাজ পায় এবং দেশের জন্য বেশি রেমিট্যান্স আনতে পারে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।