বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলনে যোগ দিতে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভার ছাড়া পুরো পথ নিজেই গাড়ি চালান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পার হওয়ার সুযোগ করে দেন তিনি।
বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে। বনানী এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ে যাওয়ার সময় পেছনে সাইরেন বাজিয়ে বহর অতিক্রমের চেষ্টা করা অ্যাম্বুলেন্সটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিক নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়—এটি দীর্ঘদিনের চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সেই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটাল।