যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে। এখন থেকে ওয়াশিংটন প্রতিরক্ষামূলক নতুন ধাপে যাচ্ছে, যার মূল লক্ষ্য হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা ও আন্তর্জাতিক নৌপথ সচল রাখা।

মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে রুবিও বলেন, অভিযানটি তার লক্ষ্য পূরণ করেছে। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতেই পরবর্তী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নতুন প্রতিরক্ষা উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতার সুযোগ তৈরিতে এই সিদ্ধান্ত।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ার করে বলেন, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালালে ভয়াবহ পরিণতি ভোগ করবে। যদিও তিনি দাবি করেন, বর্তমান যুদ্ধবিরতি এখনও কার্যকর।

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধবিরতির পর ইরান অন্তত ৯ বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, দুটি জাহাজ জব্দ করেছে এবং ১০ বারের বেশি মার্কিন বাহিনীর ওপর আক্রমণ করেছে। তবে এসব ঘটনা পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর্যায়ে যায়নি।

হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে পারস্য উপসাগরে ১,৫৫০টির বেশি জাহাজ আটকা পড়েছে। এতে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের কোন কর্মকাণ্ড যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে তা যথাসময়ে জানানো হবে। ইরানের ছোট নৌযানের তৎপরতাকে তুচ্ছ করলেও মার্কিন নৌবাহিনী প্রস্তুত আছে বলে জানান তিনি।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ ঘালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, হরমুজ প্রণালিতে নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। যুদ্ধবিরতির পর টানা দ্বিতীয় দিনের মতো দেশটি হামলার মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের নৌবাহিনীর নিরাপত্তায় দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ওয়াশিংটন এটিকে ‘বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা’ বলছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।