২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জামিন শুনানিকালে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার আদালতকে এ তথ্য জানান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হয়। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ৩০ মার্চ রাতে সবুজবাগ থেকে আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৫ সালের ৫ মে দায়ের হওয়া মামলায় তিনি দুই নম্বর আসামি। ওই মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
আইসিটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত চার জেলায় ৫৮ জন নিহতের তথ্য শনাক্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্ত ও পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ ও কুমিল্লায় এক জন রয়েছেন।
উল্লেখ্য, আবদুল জলিল মণ্ডল পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও কাজ করেন।