তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বলেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত হলে এই খাতের অনেক সমস্যা এমনিতেই মিটে যাবে।

সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, “আমাদের পলিসি এনালগ, কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল।” দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালার আধুনিকায়ন দরকার। সরকার চাপিয়ে না দিয়ে ‘ফেসিলিটেটর’ বা সহায়ক হিসেবে কাজ করতে চায়।

তিনি আরও জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট সমস্যার স্থায়ী সমাধানে সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মধ্যে সুস্থ ঐকমত্যের ওপর তিনি গুরুত্ব দেন। অংশীজনদের গঠনমূলক পরামর্শ কমিশনকে কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও ইলেকট্রনিক মিডিয়ার সংকটের কারিগরি ও নীতিনির্ধারণী দিক তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।