বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবির পর অবশেষে সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন। প্রয়োজনে সরকার জনস্বার্থে যে কাউকে বদলিও করতে পারবে।

নতুন নিয়মে মাউশি প্রতি বছর অনলাইনে শূন্যপদের তালিকা প্রকাশ করবে। সেই পদগুলোর বিপরীতে সমপদের শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানরা আবেদন করতে পারবেন। সরকার নির্ধারিত সময়েই আবেদন, আদেশ জারি ও যোগদানের কাজ শেষ হবে।

বদলির জন্য প্রথম শর্ত নিজ জেলা। সেখানে পদ খালি না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় আবেদন করা যাবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা তাঁদের কর্মস্থল জেলায়ও বদলির সুযোগ থাকছে। কর্মস্থল হতে হবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান।

তবে আবেদন করতে হলে প্রথম যোগদানের পর অন্তত দুই বছর চাকরি করতে হবে। এর আগে বদলির দরজা বন্ধ।

এই নীতিমালা শুধু বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য।