বর্ষা শুরুর আগেই মাঠে নামছে সরকার। দেশজুড়ে খাল-খনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৬ মে চাঁদপুরে গিয়ে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ফেনীতেও একই কর্মসূচি উদ্বোধন হবে ২৫ মে। সারা দেশে যেসব জেলায় প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানেই খাল-খননকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে কয়েকটি জেলায় কাজ শুরু হয়েছে। মন্ত্রী-এমপিরা নিজ নিজ এলাকায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্ষা চলে আসায় মে মাস পর্যন্ত কাজ চলবে। বর্ষা শেষে নভেম্বর-ডিসেম্বর থেকে আবার খনন শুরু হবে।
সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পানিসম্পদ ব্যবস্থা নিয়ে বৈঠক হয়। সেখানে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় শেষ বলে জানান মন্ত্রী। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।