বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪৫১ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১১ মে। ঢাকার ৯টি সরকারি হাসপাতালে ১৪ মে পর্যন্ত চলবে এই মেডিকেল টেস্ট।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার (৫ মে) নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলি জানিয়েছে।

অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।

নির্ধারিত ৯টি হাসপাতাল হলো:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রথমে ৫০ টাকা ফি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি বা যেকোনো তফসিলি ব্যাংকে জমা দিয়ে মূল রসিদ জমা দিতে হবে। এছাড়া মেডিকেল বোর্ডের সদস্যদের জন্য আলাদা ৫০ টাকা সরাসরি বোর্ডে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মেডিকেল বোর্ডে হাজির হওয়ার আগের কর্মদিবসে সকাল ১০টার মধ্যে নিজ প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করিয়ে একই দিনে রিপোর্ট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে বোর্ডের তারিখের আগের ৫ কর্মদিবসের মধ্যে অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট নিতে হবে। এসব রিপোর্ট অবশ্যই ন্যূনতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই পিএসির প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময় ও নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না করলে বা রিপোর্টে কোনো জটিলতা ধরা পড়লে প্রার্থিতা বাতিল হতে পারে। ক্যাডার হিসেবে চূড়ান্ত নিয়োগের আগে এটিই শেষ ধাপ।