ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের নবগঠিত শিল্পসংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশের নাট্যকর্মীদের জন্য অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালু করছে। ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এই কোর্সের মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন মাসের এই অনলাইন ডিপ্লোমার আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে আছেন ফ্রান্স প্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। কোর্সে নাট্যলেখন, নাট্যপাঠ, নির্দেশনা, অভিনয়, মঞ্চ ও আলো পরিকল্পনার প্রশিক্ষণ দেওয়া হবে। শেষে অংশগ্রহণকারীরা তিনটি প্রযোজনায় যুক্ত হবেন।

দ্বিতীয় প্রযোজনাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জেড’। এতে সেনানিবাসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণার গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। সংস্থাটি জানিয়েছে, নাটকে প্রয়াত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়ার কাল্পনিক মেলবন্ধন দেখানো হবে। মঞ্চায়নের আগে নাটকটি জাতীয় কপিরাইট অফিসে জমা দেওয়া হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানো হবে।

প্রথম প্রযোজনাটি শকুন্তলার কাহিনি অবলম্বনে পৌরাণিক নাটক। তৃতীয়টি বেগম রোকেয়াকে নিয়ে অংশগ্রহণকারীদের ইম্প্রোভাইজড নাট্যপ্রয়াস। এছাড়া মুনীর চৌধুরীর সংক্ষিপ্ত নাটক এবং ওলে সোয়িঙ্কা, টেনেসি উইলিয়ামস, ইভ এন্সলার ও ইয়াসমিন রেজার নাটকও কোর্সে অন্তর্ভুক্ত থাকবে।

স্থানীয় অংশীদার ‘নন্দন বিশ্বমেলা’র সমন্বয়ক ড. শাহনাজ পারভীন ‘জেড’ প্রজেক্টের লিয়াজোঁর দায়িত্বে থাকবেন। পরিসর আর্ট সেন্টারের জুনায়েদ ইউসুফ ডিজাইন কনসালট্যান্ট হিসেবে যুক্ত আছেন। ফরাসি অংশের সমন্বয় করছেন প্যাট্রিসিয়া গিদাস।

নাটক ‘জেড’ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হবে। ভবিষ্যতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে এটি মঞ্চস্থ করার পরিকল্পনা আছে।

ডিপ্লোমা কোর্স আগস্টে শুরু হয়ে নভেম্বর থেকে সরাসরি মহড়া চলবে। ‘জেড’ নাটকের প্রাথমিক ওয়ার্কশপ প্রযোজনা ২০২৭ সালের ১৯ জানুয়ারি, জিয়াউর রহমানের জন্মদিনে, চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।