ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্স এখনই বাতিল না করে যাচাই-বাছাইয়ের জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছিল। সেগুলো এখনও ফেরত দেওয়া হয়নি। দ্রুত এসব অস্ত্র ফেরত দিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। নির্বাচনের আগে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫ আগস্ট ২০২৪-এর পর হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে মন্ত্রণালয়ে তালিকা পাঠাতে ডিসিদের বলা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, এসব মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষ্পত্তি করবে না। আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। যেসব মামলার গুরুত্ব আছে বলে আইন মন্ত্রণালয় মত দেবে, সেগুলো চলবে। বাকিগুলো প্রত্যাহারের জন্য বলা হবে। ন্যায়বিচারের স্বার্থে কোনো জেলা কিছুটা বেশি সময় নিলে সমস্যা হবে না বলেও জানান তিনি।

অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানির হাট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের দুই ধারে পশুর হাট বসবে না। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদের সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।