যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট EK 0220-এ মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। সেখান থেকে EK 0582 ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সমন্বয় করছে।
আজ বুধবার, ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।