যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে নেওয়া সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৬ মে) ভোরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্জিত সাফল্য এবং চলমান কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে অগ্রগতি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্যোগটি আপাতত স্থগিত থাকবে। তবে ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে।

ট্রাম্পের দাবি, ইরান প্রকাশ্যে কঠোর অবস্থান দেখালেও চুক্তি করতে আগ্রহী।

এর আগে হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লা জাভানি এই হুঁশিয়ারি দেন।

সূত্র: আল-জাজিরা