নেত্রকোণার মদন উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল গৌরীপুর থেকে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে মদন থানায় হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, সময় থাকলে আজই আসামিকে আদালতে প্রেরণ করা হবে। অন্যথায় আগামীকাল আদালতে তোলা হবে।

এদিকে র‌্যাব-১৪ সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টায় মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করবেন র‌্যাব-১৪ এর অধিনায়ক।