বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিনটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ জামিন মঞ্জুর করেন।

আদালতে সুজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, এই তিন মামলার বাইরে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন। রায়ের পর সাজিয়া শারমিন জানান, জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানার ইমরান হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরানের মা কহিনুর আক্তার ৯ সেপ্টেম্বর ২০২৪ মামলাটি করেন। পরে একই থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ১৮ সেপ্টেম্বর ২০২৪ রফিকুল নিহত হন। ২৮ আগস্ট তার স্ত্রী নার্জিয়া আক্তার মামলা করেন। এছাড়া ৫ আগস্ট ২০২৪ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায়ও তিনি গ্রেপ্তার হন।

নিম্ন আদালতে জামিন না পেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেন সুজন। পঞ্চগড়ের মামলায় ৩১ জানুয়ারি ২০২৫ এবং যাত্রাবাড়ীর দুই মামলায় ১ সেপ্টেম্বর ২০২৫ জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার তিনটি মামলাতেই জামিন পেলেন তিনি।