লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বাংলাদেশ সীমান্তের ১৫ থেকে ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। সেখানে কাজ করা এক কৃষক প্রথমে ড্রোনটি দেখতে পান। এরপর বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে ড্রোনের বিষয়ে জানতে চেয়েছেন। তাদের জানানো হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।