চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে ৪৬,৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৪৪৩ জন।
মঙ্গলবার সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। মারা যাওয়াদের মধ্যে একজন নারী রয়েছেন।
হজ অফিস জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১,৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬,১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮,৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন। হজ কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে প্রধান এজেন্সি ৩০টি ও সমন্বয়কারী এজেন্সি ৬৩০টি।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বিজি৩০০১ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফ্লাইট ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হবে।