দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ২,১৫৮ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে দাম সমন্বয় করা হয়েছে। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ২,০৪১ টাকা কমে দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১,৭৫০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১,৪৫৮ টাকা কমে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৪৮২ টাকা। ২১ ক্যারেটের ভরি ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪,৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩,৩৮৩ টাকা বহাল আছে।