অভিষেক নির্বাচনেই তামিলনাড়ুর রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে অভিনেতা বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। প্রাথমিক গণনায় ২৩৪টি আসনের মধ্যে ১০৭টি আসনে এগিয়ে থেকে ডিএমকে-এআইএডিএমকে দ্বিমেরু রাজনীতিতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন, ফলে সরকার গঠনের সমীকরণ এখনো ঝুলে থাকলেও টিভিকের এই উত্থানকে রাজনৈতিক মহল ‘ঐতিহাসিক’ বলেই দেখছে।

দলের প্রধান থালাপতি বিজয় নিজে পেরাম্বুর আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। পাশাপাশি ত্রিচি ইস্ট কেন্দ্রেও তিনি প্রথম রাউন্ড শেষে ১,৬৬৯ ভোটে এগিয়ে আছেন। সবচেয়ে আলোচিত কেন্দ্র কোলাতুর, যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিন টিভিকের প্রার্থীর কাছে ৮,২৮৪ ভোটে পিছিয়ে পড়েছেন বলে জানা গেছে। গণনার শুরুতেই টিভিকে ৮১টি আসনে লিড নেয় এবং দলটি এবারই প্রথমবারের মতো রাজ্যের সব ২৩৪টি কেন্দ্রে এককভাবে প্রার্থী দিয়েছিল।

ফলাফলের আভাস মিলতেই চেন্নাইয়ে ‘বিজয় হাউস’-এর সামনে ভিড় জমায় হাজারো সমর্থক। ব্যালকনিতে এসে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান বিজয়। রজনীকান্ত, কমল হাসান, ধানুশ, এ আর রহমান, রাম চরণ ও রাশমিকা মান্দানার মতো তারকারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০০৯ সালে ‘বিজয় মক্কাল আইয়াক্কাম’ নামে যে তৃণমূল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বিজয়, তারই সাংগঠনিক ভিত্তি এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে। ২০২১ সালের স্থানীয় নির্বাচনে ভক্তদের জনকল্যাণমূলক কাজকে ভোটে রূপ দেওয়ার যে ইঙ্গিত মিলেছিল, বিধানসভায় সেটিই পূর্ণতা পেয়েছে।

তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। আসনভিত্তিক ফল ও সরকার গঠনের চূড়ান্ত চিত্র জানতে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।