আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিকতার জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা পুলিৎজার পুরস্কার ২০২৬ ঘোষণা করা হয়েছে। এ বছর ন্যাশনাল রিপোর্টিং ও বিট রিপোর্টিং, এই দুই গুরুত্বপূর্ণ বিভাগে বাজিমাত করেছে বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্স। সোমবার (৪ মে) কলাম্বিয়া ইউনিভার্সিটির পুলিৎজার বোর্ড এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রম নিয়ে সাহসী ও তথ্যবহুল প্রতিবেদনের জন্য ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতেছে রয়টার্স। অন্যদিকে, বিট রিপোর্টিং বিভাগে সংস্থাটি পুরস্কৃত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম মেটার ওপর একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে মেটা শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের ঝুঁকিতে ফেলছে।

প্রতিবছরের মতো এবারও একাধিক বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে নিউ ইয়র্ক টাইমস। তারা মোট তিনটি বিভাগে পুলিৎজার জয় করেছে। এছাড়া ওয়াশিংটন পোস্ট, কানেটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন এবং বার্তা সংস্থা এপিসহ (এপি) বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যম বিভিন্ন বিভাগে এই সম্মাননা পেয়েছে।

১৯১৭ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার বর্তমানে সাংবাদিকতার নোবেল হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য, সংগীত ও নাট্যশাস্ত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড এই বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছরও মার্কিন সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণী এই আয়োজনে উঠে এসেছে আধুনিক বিশ্বের নানা সংকট ও রাজনৈতিক জটিলতার চিত্র।