ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। পুরো প্রক্রিয়া হবে অনলাইনে।

১৩ মে সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার টিকিট বিক্রি। সেদিন পাওয়া যাবে ২৩ মের টিকিট। এরপর ধাপে ধাপে টিকিট ছাড়া হবে—১৪ মে ২৪ মের, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট।

ঈদ শেষে ফেরার টিকিট বিক্রি শুরু ২১ মে থেকে। ওই দিন মিলবে ৩১ মের টিকিট। এরপর ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট ছাড়া হবে। সব টিকিট সকাল ৮টায় অনলাইনে উন্মুক্ত হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রায় একবার করে টিকিট কাটতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়া যাবে। অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকছে না।

তবে যাত্রীদের সুবিধায় যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট ছাড়া হবে। উচ্চ শ্রেণির আসনে এই সুবিধা থাকছে না।

ঈদে লাখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতেই এবার আগে-ভাগে সূচি প্রকাশ করল রেলওয়ে।