গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সিপিসির পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন সরকারের আমলে এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বেইজিং সফর। তবে চীনে বিএনপি সরকারের এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে ২০ এপ্রিল বেইজিং গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কিছুদিন আগে সিপিসির আমন্ত্রণে চীন সফর করে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদলও।

কূটনৈতিক সূত্র বলছে, তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।