দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা বা অন্য যৌক্তিক কারণে হজের ফ্লাইট মিস করলে এখন থেকে টিকিটের পুরো টাকা ফেরত পাবেন হজযাত্রীরা। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এয়ারলাইনসগুলোকে এ নির্দেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাসকে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী কোনো হজযাত্রী দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা গ্রহণযোগ্য অন্য কোনো কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে তাকে ‘প্রতিস্থাপন সুবিধা’ দিতে হবে। প্রয়োজনে বিমান ভাড়ার অর্থও ফেরত দিতে হবে এয়ারলাইনসকে।
শুধু হজযাত্রীই নন, তার সঙ্গে নিবন্ধিত সহগামী পরিবারের সদস্যরাও একই কারণে ফ্লাইট মিস করলে এই সুবিধা পাবেন। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, প্রতিস্থাপনের কারণে এয়ারলাইনসের নির্ধারিত হজ কোটায় কোনো পরিবর্তন হবে না।
চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ৫০০ জন হজে যাচ্ছেন। গত ১৮ এপ্রিল ফ্লাইট শুরু হওয়ার পর ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছে গেছেন। তবে অসুস্থতা, দুর্ঘটনা বা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় কিছু যাত্রী ফ্লাইট ধরতে পারেননি।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনায় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবেন ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা। এতে হজ ব্যবস্থাপনাও আরও মানবিক ও সুষ্ঠু হবে।