আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। এই কাজ বাস্তবায়নে জেলা প্রশাসকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এটি শেষ করার লক্ষ্য রয়েছে।” একইসঙ্গে নদীভাঙন দেখা দিলে দ্রুত কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়েও সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ থাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সেটি নতুন আঙ্গিকে আবার শুরু করেছেন।”

খালকে জনগণের সম্পত্তি আখ্যা দিয়ে তিনি বলেন, “খাল সম্প্রসারণের সময় যদি কোনো দখলদার সামনে পড়ে, তাকে সরে যেতে হবে। ভবিষ্যতে কেউ নতুন করে খাল দখল করতে পারবে না। এরপরও কেউ দখল করলে ডিসিরা আইনগত ব্যবস্থা নেবেন।”

মন্ত্রী আরও বলেন, “খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কাজের সময় কোনো দোকান বা স্থাপনা পড়লে তা ভেঙে ফেলা হবে। কেউ মাছের ঘের দিয়ে খাল আটকে রাখলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”